

মেহেদী হাসান সেতু : উত্তরাঞ্চলের পাঁচ জেলা সফরের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জিরোপয়েন্ট ও স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি সীমান্তের গুরুত্বপূর্ণ এ স্থানটি ঘুরে দেখেন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতি, সম্ভাবনা এবং প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে সরেজমিনে ধারণা নিতে রাষ্ট্রদূতের এ সফর। সকালে বাংলাবান্ধা এলাকায় পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে তিনি বাংলাবান্ধা জিরোপয়েন্টের সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখেন। চারপাশের সবুজ প্রকৃতি, পাহাড়ঘেঁষা পরিবেশ ও সীমান্তের নান্দনিক দৃশ্য উপভোগ করেন তিনি। এ সময় প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবি তুলতেও দেখা যায় তাকে।
বাংলাবান্ধা পরিদর্শন শেষে সফরসূচি অনুযায়ী পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। সেখানে তিনি হাসপাতালের অবকাঠামো, স্বাস্থ্যসেবা কার্যক্রম ও সামগ্রিক চিকিৎসাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেবেন বলে জানা গেছে।
রাষ্ট্রদূতের সফরকে ঘিরে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের পর্যটন, সীমান্ত বাণিজ্য ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত সম্পর্কে মার্কিন প্রতিনিধিদলের সামনে নতুন করে ধারণা তৈরি হবে।