

স্টাফ রিপোর্টার : কুমিল্লা দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১৫টি ফার্মেসি পরিদর্শন করে ৮টি প্রতিষ্ঠানে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর প্রযোজ্য বিভিন্ন ধারায় ৮টি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে যানজট সৃষ্টির অপরাধে দুটি বাসকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর প্রযোজ্য বিভিন্ন ধারায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে ফার্মেসি মালিকদের অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির ক্ষেত্রে যথাযথভাবে রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
দেবিদ্বারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের গুণগত মান নিশ্চিতকরণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”