
প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ৬:১৪ পিএম
দিগন্ত হত্যার বিচার চাই শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধনে ক্ষোভ

মো. জনি হাসান, মহানগর প্রতিনিধ গাজীপুর: গাজীপুর বিজ্ঞান কলেজের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান দিগন্ত হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা শিমুলতলী কলেজের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দিগন্ত হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, মেহেদী হাসান দিগন্ত ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। তাকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে এলাকায় ক্ষোভ আরও বাড়বে। তারা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট গাজীপুরের হাতিয়াব এলাকার মেহেদী হাসান দিগন্তকে তার পাঁচ বন্ধু পূর্বাঞ্চলে বেড়াতে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। পরে সেখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ড আড়াল করতে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় এবং পরে তার মরদেহ একটি সেতুর নিচে কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দিগন্তের দুই বন্ধু তুহিন ও আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থীকে বেড়াতে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ অত্যন্ত গুরুতর। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা জরুরি। একই সঙ্গে হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে মেহেদী হাসান দিগন্ত হত্যার দ্রুত বিচার, বাকি আসামিদের গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
Copyright © 2026 দৈনিক গণবার্তা - গণমানুষের আওয়াজ. All rights reserved.