

রায়হান উদ্দিন নিজামী : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ খ্রি. (হিজরি ১৪৪৮) উদযাপন উপলক্ষে বান্দরবানের থানচিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, থানচি, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাচন অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন থানচি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আনিস উল্লাহ মোবারক, সহকারী ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, টিএন্ডটি পাড়া শাহ আবদুল হাই জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল্লাহ নোমানী, মা’আরিফুল কোরআন নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রায়হান উদ্দিন নিজামী, শিক্ষক হাফেজ জাকারিয়াসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি, শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করেন। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।