
প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
তুসুকা রোড থেকে স্কুইব রোড পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

আশরাফুল শ্রাবন . টঙ্গী প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের প্রত্যাশিত তুসুকা রোড থেকে স্কুইব রোড পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও উন্নয়ন করা হচ্ছে। এই সড়ক নির্মাণ শেষ হলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের চলাচল সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তুসুকা রোড থেকে স্কুইব রোড পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। খানাখন্দে ভরা সড়কের কারণে প্রতিদিন সাধারণ মানুষ ও মিলগেট এলাকার ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নতুন ইউনিব্লক সড়ক নির্মাণের উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন চলাচল আরও নির্বিঘ্ন হবে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান (কালা), ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন, ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু শাকের, টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী মহিদুল হক, সহকারী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম (তুহিন), সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.