
প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৬:০৩ পিএম
গাজীপুরে ৩০ অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা

মো: জনি হাসান, মহানগর প্রতিনিধি, গাজীপুর : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম রফিকুল ইসলাম বলেন, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অবসরপ্রাপ্ত শিক্ষকেরা দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল হান্নান সজল।
বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকসহ প্রায় ৭০০ শিক্ষক উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক গণবার্তা - গণমানুষের আওয়াজ. All rights reserved.