
প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
উলুবনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে ফেরার পথে বিজিবি’র হাতে যুবক আটক

আরফাতুল ইসলাম, উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ মেহেদী হাসান জুনায়েদ (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক জুনায়েদ সীমান্তের একজন চিহ্নিত মাদক কারবারি।
শুক্রবার (৭ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া কামালের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
এ সময় টহল দল তাকে থামার সংকেত দিলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের সৈয়দ আমিনের ছেলে মেহেদী হাসান জুনায়েদ (২৭)।
পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের চারটি কার্টনে রাখা ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জুনায়েদ মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক মেহেদী হাসান জুনায়েদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.